মেলান্দহে নাংলা ইউনিয়ন নির্বাচনে গণসংযোগে শীর্ষে জাকির হোসেন: নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশায় এলাকাবাসী
- Update Time : ১২:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ জমে উঠেছে। এলাকায় নিয়মিত ও ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪নং নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।
দীর্ঘ আন্দোলন ও তৃণমূলের রাজনীতিতে সক্রিয়তা
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত ১৭ বছর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন জাকির হোসেন। নানা আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে মাঠে কাজ করায় এলাকায় তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। তৃণমূলের প্রতিটি স্তরে নিয়মিত যোগাযোগ বজায় রেখে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে তিনি বড় ভূমিকা পালন করেছেন।
ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জাকির হোসেন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় নিয়মিত মতবিনিময় সভা করছেন। প্রবীণদের দোয়া নেওয়া, তরুণদের প্রত্যাশা জানা এবং স্থানীয় সমস্যাগুলো সরাসরি চিহ্নিত করার মধ্য দিয়ে তিনি জনসংযোগ অব্যাহত রেখেছেন। গণসংযোগে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, কৃষিবান্ধব নীতি এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরছেন।
নাংলাবাসীর প্রত্যাশা ও নির্বাচনী আবহ
ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি ও বঞ্চনা লাঘবে তারা এবার নেতৃত্বে পরিবর্তন চাইছেন। পরিবর্তনের এই পালে হাওয়া দিয়ে ভোটার ও সমর্থকদের মুখে মুখে এখন স্লোগান—“নাংলা ইউনিয়নবাসীর প্রাণের দাবি, এবার চেয়ারম্যান হবেন জাকির ভাই; ইউনিয়নবাসী একজোট, জাকির ভাইকে দেব ভোট।”
আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়নের অঙ্গীকার
নির্বাচনী ভাবনা তুলে ধরে জাকির হোসেন বলেন, “আমি চেয়ারম্যান হওয়ার জন্য নয়, মানুষের সেবা করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ, দ্রুততম সময়ে ডিজিটাল সেবা নিশ্চিত করা, টেকসই রাস্তা-ঘাট নির্মাণ ও তরুণদের কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়াই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের পূর্ণ সমর্থন ও ভালোবাসা পেলে ৪নং নাংলা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবেন।



















