বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, চাঁদপুর ল কলেজ -2026.
- Update Time : ০২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৯১ Time View

শিক্ষক শুধু একটি পেশার নাম নয়, একজন শিক্ষক মানে জ্ঞানের আলো, চিন্তার স্বাধীনতা, বিবেক জাগানোর সাহস এবং ভবিষ্যৎ গড়ে দেওয়ার নীরব কারিগর।
আজ বিশ্ব শিক্ষক দিবসে আমার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পাঠ থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ জীবনের সকল প্রিয় শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা।
কেউ হাতে ধরে বর্ণমালা শিখিয়েছেন, কেউ শিখিয়েছেন সংখ্যার হিসাব; কেউ বইয়ের বাইরের পৃথিবী চিনিয়েছেন, আবার কেউ শিখিয়েছেন প্রশ্ন করতে, যুক্তি দিয়ে ভাবতে এবং ভুল থেকে শিখে সামনে এগিয়ে যেতে।
আর আমার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা আইনের জগতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি- সেখানকার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে আমার কৃতজ্ঞতা একটু অন্যরকম। তাঁরা শুধু আইন পড়াচ্ছেন না; আইনের ভাষা, যুক্তির শৃঙ্খলা, ন্যায়-অন্যায়ের সূক্ষ্ম পার্থক্য এবং একজন ভবিষ্যৎ আইনজীবীর দায়িত্ববোধ সম্পর্কে ভাবতে শিখিয়েছেন।
আজ যখন কোনো আইনের ধারা পড়ি, কোনো ঘটনার আইনি দিক খুঁজি কিংবা ন্যায়বিচারের প্রশ্ন নিয়ে ভাবি-তখন উপলব্ধি করি, এই পথচলার পেছনেও শিক্ষকদের নিরলস দিকনির্দেশনা রয়েছে।
সময় পেরিয়েছে, শ্রেণিকক্ষ বদলেছে,অনেক প্রিয় শিক্ষক হয়তো আজ দূরে কিন্তু তাঁদের শেখানো পাঠ, মূল্যবোধ ও জীবনবোধ আজও পথ চলার সঙ্গী।
আমার জীবনের প্রতিটি শিক্ষককে আজ একটি কথাই বলতে চাই-
আপনাদের পড়ানো সব পাঠ হয়তো আজ মনে নেই, কিন্তু আপনাদের দেওয়া শিক্ষা আজও চলার পথের পাথেয়। আর সেই আলোর পথ ধরেই আজ আমরা আইনের জগতে ন্যায়, যুক্তি _ও সত্যের অনুসন্ধানে এগিয়ে চলেছি।
সকল শিক্ষককে জানাই বিশ্ব শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা_ ।


















