সিদ্ধিরগঞ্জে নতুন শাখা কার্যালয় উদ্বোধন করেন, নৌ শ্রমিক ফেডারেশন।
- Update Time : ০৮:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৪২ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে হাজেরা মার্কেটের ২ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাজির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান মাস্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার সাবেক যুব আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক যুব আহ্বায়ক গাজী মো. মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন ভেন্ডার, সহ-সভাপতি তালিম মোহাম্মদ, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তার হোসেন, সাংবাদিক মো. এনামুল কবির (লিটন), মো. আনিসুর রহমান (মানিক) ও সাংবাদিক মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইমদাদুল হক সুমন এবং প্রেস মিডিয়া ও বাসকের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পণ্য পরিবহন ব্যবস্থায় নৌ-পরিবহন শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৌপথে পণ্য ও যাত্রী পরিবহনের সঙ্গে সম্পৃক্ত এসব শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসাসেবা, দুর্ঘটনাজনিত সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের কল্যাণে সংগঠন ও সরকারের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা করেন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
নৌ-পরিবহন খাতের উন্নয়নে নৌপথের নাব্যতা রক্ষা ও নিয়মিত খনন, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন বক্তারা। তাদের মতে, নৌপথ সচল ও নিরাপদ রাখা গেলে পণ্য ও যাত্রী পরিবহন আরও সহজ হবে। পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
নতুন শাখা কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সিদ্ধিরগঞ্জ এলাকার নৌ-পরিবহন শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।




















