আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাই দুর্ঘটনা রোধের উপায়: দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- Update Time : ০৬:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

দিনাজপুর: সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিদিনের অকাল মৃত্যুর মিছিল বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করা এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার মাধ্যমেই নিরাপদ সড়ক গড়া সম্ভব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) দিনাজপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম নিসচা জেলা শাখার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিপাড়ার লুৎফুন নেছা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে লুৎফুন নেছা টাওয়ারের সামনে নিসচা দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্ল্যার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোঃ মোকাররম হোসেন, সিনিয়র সহসভাপতি, দিনাজপুর জেলা বিএনপি
সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)
এছাড়াও সমাবেশে বক্তব্য প্রদান করেন দিনাজপুর চেম্বারের পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, নিসচা জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ রাজু মুন্সী, আইনবিষয়ক সম্পাদক মুকিত হায়দার, সদস্য মোঃ কামরুজ্জামান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত গুণী শিক্ষক মোঃ তাজ আল মিনারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ভয়াবহ পরিসংখ্যান ও উদ্বিগ্নে বক্তারা
সমাবেশে সড়ক দুর্ঘটনার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়। সংশ্লিষ্ট পরিসংখ্যানে জানানো হয়:
১৩ বছরের চিত্র (২০১৩ – ২০২৬ মাঝামাঝি): দেশে ৭২,৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন আহত হয়েছেন।
২০২৪ সাল: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮,৫৪৩ জন।
২০২৫ সাল: প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯,১১১ জনে।
২০২৬ সাল (প্রথম ৯ মাস): বিআরটিএর হিসাব অনুযায়ী, ৪,২৮৫টি দুর্ঘটনায় ইতোমধ্যেই ৪,১৫৭ জন নিহত হয়েছেন।
বক্তারা আহ্বান জানান, দুর্ঘটনা প্রতিরোধে কোনো একক পদক্ষেপ নয়, বরং আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।




















