মধ্যপাড়া পাথর খনির শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান করলো জিটিসি
- Update Time : ০৬:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে জিটিসি’র পক্ষ থেকে মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
গত সোমবার দুপুর ২টায় খনি প্রাঙ্গণে অবস্থিত ‘জিটিসি চ্যারিটি হোম’-এ এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়। মধ্যপাড়া পাথর খনির কঠিন শিলা উত্তোলনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)-এর সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে এ উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
জিটিসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ জাবেদ সিদ্দিকী-এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপবৃত্তির অর্থ তুলে দেন।
জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড এবং বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস-এর যৌথ প্রতিষ্ঠান ‘জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম’ (জিটিসি)। প্রতিষ্ঠানটি খনিতে কর্মরত শ্রমিকসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের কল্যাণে নিয়মিত বিভিন্ন সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসব সামাজিক কার্যক্রমকে সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি “জিটিসি চ্যারিটি হোম” নামে একটি সমাজকল্যাণ সংস্থা স্থাপন করেছে। এর মাধ্যমে শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদানের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। খনি এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘জিটিসি চ্যারিটি হোম’-এ একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সপ্তাহে ৫ দিন খনি এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় অর্ধশত রোগী এখান থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করছেন।



















