কাজিপুর চরাঞ্চলবাসীর প্রাণের দাবি ‘যমুনা উপজেলা’ ও ‘ভেটুয়া ব্রিজ’ বাস্তবায়নের আশ্বাস এমপি সেলিম রেজার
- Update Time : ০৮:৫৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

মো: আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ ৫৪ বছর পর সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম রেজা। নির্বাচনের পর চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের প্রাণের দাবি বাস্তবায়নে তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কাজিপুর উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে খাসরাজবাড়ি, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর ও মনসুরনগর—এই ৬টি সম্পূর্ণ এবং মাইজবাড়ি ও মেছড়া—এই ২টি আংশিক ইউনিয়ন যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল ও নদীভাঙ্গন এলাকা। এই অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর সুবিধার কথা বিবেচনা করে এমপি সেলিম রেজা তাঁর নির্বাচনী ইশতেহারে ‘যমুনা উপজেলা’ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
এমপি সেলিম রেজার ঘোষিত প্রধান উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে:
নদীভাঙ্গন রোধ ও পুনর্বাসন: বিধিবহির্ভূত বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ করা, স্থায়ী বাঁধ নির্মাণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নদীশাসন প্রকল্প গ্রহণ করা। পাশাপাশি যমুনার নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন & ভেটুয়া ব্রিজ: চরাঞ্চলের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থার অভাব দূর করতে প্রয়োজনীয় সংযোগ সড়ক এবং বহুপ্রতীক্ষিত ভেটুয়া ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়া।
আধুনিক নৌপথ ও পরিবহন: নদীবেষ্টিত চরাঞ্চল থেকে উপজেলা সদরে নিরাপদে যাতায়াত এবং স্থানীয়দের উৎপাদিত কৃষিপণ্যসহ মালামাল সুলভে পরিবহনের জন্য আধুনিক নৌপথ গড়ে তোলা।
অবকাঠামো ও জনসেবা: গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত পাকা রাস্তার নেটওয়ার্ক বিস্তার, নতুন ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং পুরোনো অনুপযোগী রাস্তা সংস্কার। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শতভাগ বিদ্যুতায়নের কাজ জোরদার করা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকার সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করছেন যে, সংসদ সদস্য মোঃ সেলিম রেজা দ্রুতই তাঁর নির্বাচনী ইশতেহারের এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ শুরু করবেন এবং চরাঞ্চলবাসীর বহুল প্রতীক্ষিত স্বপ্নের দুয়ার উন্মোচিত করবেন।



















