পার্বতীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের করুণ মৃত্যু
- Update Time : ১২:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার পুরাতন বাজার তেলিপট্টি মোড় সংলগ্ন সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারের দীঘির ধার সংলগ্ন আঞ্চলিক পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম পার্বতীপুর উপজেলার বিসকাঠারি-হরিপুর এলাকার আঃ জলিল মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে তেলিপট্টি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সাথী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















