কুলাউড়ায় ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণে পুলিশ
- Update Time : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশি অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মো. মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এএসআই তোফায়েল ও তাঁর সঙ্গী ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়। রাত ৩:৩০ মিনিটের দিকে ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকার ‘ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসা’র সামনের পাকা সড়কে সন্দেহভাজন হিসেবে মুফিক মিয়াকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়া ও আফিয়া বেগম দম্পতির ছেলে।
কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক জব্দ করে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কুলাউড়া থানা পুলিশের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















