খুলনায় যথাযথ মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
- Update Time : ০৪:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২৮ Time View

সারা দেশের ন্যায় খুলনায়ও আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’। ২০২৬ সালের এই দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে শহিদদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন।
দিবসটির শুরুতে আজ সকাল ৯:০০টায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, কেডিএ (KDA) চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনার ডিআইজি, কেএমপি কমিশনার, পুলিশ সুপার (খুলনা), জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি নেতৃবৃন্দ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বন অধিদপ্তর, এলজিইডি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদদের স্মরণে আজ সকাল ১০:০০টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদদের আত্মত্যাগের ইতিহাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ বলেন, “আজকের এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের এই অসামান্য আত্মত্যাগ আমাদের দেশ গড়ার কাজে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে। তরুণ প্রজন্ম ও সর্বস্তরের মানুষের প্রত্যাশা—শহিদদের স্বপ্নের একটি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলে মিলে নতুন করে অঙ্গীকারাবদ্ধ হওয়ার এটাই সঠিক সময়।”



















