গৌরীপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০৮:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ৩১ Time View

ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
দুর্ঘটনার বিবরণ:
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। হাঁটতে হাঁটতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকা পর্যন্ত পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়।
চাপায় তারা সড়কের পাশে ছিটকে পড়ে রক্তাত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, “অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘাতক গাড়িটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। গাড়িটি দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”




















