জাতীয় নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন ও যুগোপযোগী মজুরি নির্ধারণের দাবি
- Update Time : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং অবিলম্বে জাতীয় নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান শ্রমিক নেতারা ও বিশিষ্ট আলোচকবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শ্রমিকদের মৌলিক অধিকার ও জীবনমান নিশ্চিত করতে একটি কার্যকর, যুগোপযোগী এবং নিরপেক্ষ মজুরি বোর্ড গঠন এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমানসহ অন্যান্য বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের দুর্বিষহ পরিস্থিতির কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বিদ্যমান বাজারদরে শ্রমিকদের পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে সকল খাতের শ্রমিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও বাস্তবসম্মত জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার আহ্বান জানান তাঁরা।



















