ট্রেনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ কুলাউড়ার তরুণ জুবায়েরের মরদেহ উদ্ধার
- Update Time : ০৭:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪০ Time View

ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার কুলাউড়া উপজেলার ১১ নম্বর হাজীপুর ইউনিয়নের কটারকোনা সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুবায়ের ইসলাম জুবেল উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে জুবায়েরের পরিবার। তাঁকে খুঁজে পেতে স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও মোবাইল নম্বর দিয়ে আকুতি জানান। অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার কটারকোনা এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। এই মর্মান্তিক ঘটনায় জুবায়েরের নিজ গ্রাম উত্তর হিঙ্গাজিয়াসহ পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।




















