দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত সচিবের পরিদর্শন
- Update Time : ০৫:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো ও বিদ্যমান সমস্যা নিয়ে মতবিনিময়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) জনাব আরিফ আহমদ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরিদর্শন শেষে হাসপাতালের কনফারেন্স রুমে কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান এবং ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন। এছাড়া কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ইউনিট প্রধানরা অংশ নেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।



















