ফুলবাড়ীতে বন বিভাগ ও ২২ জনের জমি দখলের অভিযোগ: ভূমিদস্যুদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
- Update Time : ০৮:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

দিনাজপুর প্রতিনিধি (সাজু আহমেদ):
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামে বন বিভাগের গাছ কেটে বিক্রি, সরকারি জায়গা দখল এবং স্থানীয় ২২টি পরিবারের প্রায় ৩-৪ একর জমি বেআইনিভাবে মাঠ পর্চা করে দখলের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অভিযুক্ত ভূমিদস্যু মোজাফফর রহমান, মানিক রহমান ও মোতালেব হোসেন গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় ভুক্তভোগী ও স্থানীয় গ্রামবাসী এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
দুধিপুর গ্রামে বন বিভাগের দখলকৃত জায়গার সামনে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগীরা তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি উদ্ধারে ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী ওই চক্রটি যোগসাজশ করে জোরপূর্বক স্থানীয়দের জমি নিজ নামে মাঠ পর্চা করিয়ে নিয়েছে এবং সীমানায় থাকা সরকারি বনের গাছ কেটে জমি ঘিরে ফেলেছে।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা দখলকৃত জমি উদ্ধার এবং সরকারি সম্পদ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।




















