বানভাসি মানুষের পাশে ফরিদপুরের তরুণরা: ১০ লক্ষ টাকার খাদ্যসামগ্রী নিয়ে চট্টগ্রামের পথে রোমান ও তার দল
- Update Time : ০৩:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৩৪ Time View

ফরিদপুর দেশের দক্ষিণ- পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের একদল স্বেচ্ছাসেবী ও তরুণ। বানভাসি মানুষের তীব্র খাদ্যসংকট দূর করতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।
গতকাল (বুধবার) রাত ১১টায় ফরিদপুর শহরের খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী দল প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের শুকনা খাদ্যদ্রব্য বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।
জানা গেছে, বন্যার্তদের তাৎক্ষণিক ক্ষুধা নিবারণের জন্য এই ত্রাণ বহরে রয়েছে—
চিড়া, মুড়ি ও গুড়
বিস্কুট ও পাউরুটি
খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি
জরুরি ওষুধ ও অন্যান্য শুকনো খাবার
ত্রাণবাহী ট্রাকটি রওনা করার প্রাক্কালে খাইরুল ইসলাম রোমান বলেন, “চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ এখন পানির নিচে মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটময় মুহূর্তে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রায় ১০ লক্ষ টাকার শুকনো খাবার সংগ্রহ করেছি। বন্যার্ত ভাই-বোনদের হাতে সরাসরি এই খাবার পৌঁছে দিতে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
ফরিদপুরের সর্বস্তরের মানুষের আর্থিক ও মানসিক সহযোগিতায় এই বিশাল পরিমাণের ত্রাণ সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা। বিপদের এই সময়ে তরুণদের এমন স্বতঃস্ফূর্ত ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ।



















