যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, এবার কড়া পদক্ষেপ পুলিশের
- প্রকাশের সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 28

যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ভোরে যশোরের ৮টি উপজেলায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা রয়েছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, রোববার (১ নভেম্বর) ভোরে জেলা শহরের লালদিঘি এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের মাইকপট্টি গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও চিত্র দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই অপরাধীদের ধরতে সাঁড়াসি অভিযানে নামে আইনশৃঙখলা বাহিনী। এ অভিযানে যশোর সদরে ১৭ জন, অভয়নগরে ৪ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন, মণিরামপুরে ৩ জন, কেশবপুরে ৩ জন, চৌগাছায় ২ জন, শার্শায় ২ জন এবং ঝিকরগাছায় ২ জনসহ মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে আইনশৃঙখলা বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
























