সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনে চার্জশিটের দাবিতে কাফনের কাপড় পরে সাংবাদিকদের কঠোর আন্দোলন, এসপি বরাবর আল্টিমেটাম
- প্রকাশের সময় : ১১:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 31

সোমবার, ০২ নভেম্বর
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং আগামী ১৫ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবিতে কাফনের কাপড় পরে কঠোর আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারী সাংবাদিক নেতৃবৃন্দ নিহত সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের জোর দাবি জানান।
পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ ও আল্টিমেটাম:
প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আন্দোলন শেষে সংগঠনের নেতৃবৃন্দ নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সাংবাদিকরা হত্যাকাণ্ডের মূল আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও ১৫ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়ার দাবি জানিয়ে একটি আল্টিমেটাম দেন।
পুলিশ সুপারের আশ্বাস ও নিরাপত্তা বার্তা:
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নেত্রকোনার পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
এ ছাড়া নেত্রকোনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে পুলিশ সুপার জানান, ভবিষ্যতে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া বা তাঁর ওপর হামলার ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা:
সাক্ষাৎ শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। তাঁরা বলেন, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।

























