লংমার্চ ঘিরে হাটিকুমরুলে প্রস্তুতি; নিরাপত্তায় ৫০০ পুলিশ ও ১৫০০ স্বেচ্ছাসেবী।
- Update Time : ০৯:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

ঢাকা থেকে রংপুরমুখী লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনাকে সামনে রেখে একদিকে চলছে জামায়াতে ইসলামীর ব্যাপক প্রস্তুতি, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্মসূচির দিন হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখে এ লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, লংমার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে এবং জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হবে।
লংমার্চ উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কের পাশে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ। মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও করা হয়েছে। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, কর্মসূচির জন্য এক দিনের ব্যবহারের উদ্দেশ্যে বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় নিয়ে পানি সরবরাহ, শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আগতদের সুবিধার্থে প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগারও স্থাপন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন, লংমার্চ উপলক্ষে তাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। হাটিকুমরুলের পথসভায় প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন। মানুষের সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে কর্মসূচিকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, লংমার্চের দিন হাটিকুমরুলসহ আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচলের পথ, পথসভাস্থল, গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, লংমার্চকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচির দিন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।



















