লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন সুস্থ আছেন: মৃত্যুর গুজবে নিসচার তীব্র প্রতিবাদ
- Update Time : ০১:০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

অনলাইন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা একযোগে এই অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছে, লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন সম্পূর্ণ জীবিত ও সুস্থ আছেন।
কোনো ধরনের সত্যতা যাচাই ছাড়াই দেশের একজন বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুর মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে দায়িত্বজ্ঞানহীন ও অনভিপ্রেত কাজ বলে অভিহিত করেছে নিসচা। এমন মিথ্যা খবরের ফলে তাঁর পরিবার, সহকর্মী, সংগঠনটির কর্মী-সমর্থক এবং কোটি ভক্তের মধ্যে গভীর উদ্বেগ, বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিসচার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যে কান না দেওয়া এবং যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা এমন ভুয়া তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান সংগঠনটির সংশ্লিষ্টরা।



















