লৌহজংয়ে ২ হাসপাতালকে জরিমানা, একটির ওটি ও এক্স-রে রুম সিলগালা
- Update Time : ০৭:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার (ওটি) ও এক্স-রে কক্ষ অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালিরঅংক ও হাট ভোগদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় মালিরঅংক বাজারের ‘ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করায় ‘হাট ভোগদিয়া ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’কে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তদারকি চালানো হয়েছে। চিকিৎসার নামে অবহেলা, অনিয়ম কিংবা রোগীদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিতে ফেলার মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব উপস্থিত ছিলেন।



















