১ দিন বৃষ্টিতে সপ্তাহজুড়ে কাঁদা: ড্রেন না থাকায় নাগরপুরে জনদুর্ভোগ চরমে, দ্রুত ড্রেন নির্মাণের দাবি
- Update Time : ১১:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ Time View

আলী হাসান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরের প্রাণকেন্দ্র বটতলাসহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানি নিষ্কাশনের কোনো ড্রেন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পুরো উপজেলার মানুষ। সামান্য ১ দিনের বৃষ্টিতেই তৈরি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা, আর তা থেকে সৃষ্ট ময়লা পানি ও কাঁদার মধ্য দিয়ে পুরো সপ্তাহ জুড়ে অতি কষ্টে যাতায়াত করতে হচ্ছে সর্বসাধারণকে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলার প্রধান বাণিজ্যিক এলাকা ও কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত বটতলা এবং আশপাশের বাজারগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেন না থাকায় বৃষ্টির পানি নামতে পারে না। ফলে সড়কগুলোতে নোংরা পানি জমে থকথকে কাঁদার সৃষ্টি হয়।
বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের নোংরা পানি ও কাঁদা মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে বাজারের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ও মানুষের নিত্যদিনের স্বাভাবিক কাজকর্ম।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ভুক্তভোগীদের একটাই জোর দাবি— দ্রুততম সময়ের মধ্যে নাগরপুর বাজার ও বটতলা এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হোক। ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা গেলে উপজেলার মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং স্বাচ্ছন্দ্যে তাদের দৈনিক কর্মসংস্থান ও বাজার ঘাট সম্পন্ন করতে পারবে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দ্রুত পদক্ষেপ কামনা করছেন।




















