মুন্সীগঞ্জের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান: নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- Update Time : ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে নিয়মিত অভিযান ও তদারকি চালানো হচ্ছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, “মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কোনো জেলেকে আটক করা সম্ভব না হলেও নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা জালগুলো নদীর তীরে এনে ধ্বংস করা হয়।”
তিনি আরও বলেন, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে পদ্মা নদীতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।




















