গাছায় ছিনতাইকারীর হামলায় পোশাক শ্রমিক খুন, তদন্তে পুলিশ
- প্রকাশের সময় : ০১:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 13

গাজীপুর মহানগরের গাছা থানাধীন তারগাছ বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (৩৫) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরের বড়বাড়ি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত কার্তিক গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া চৌধুরী বাড়ি মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কারখানা থেকে কাজ শেষ করে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে বড়বাড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, নিহতের বাম পায়ের উরুতে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মেহেদী আরিফ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এবিষয় টি নিয়ে আমরা কাজ করছি।


























