আইনশৃঙ্খলার অবনতি ও দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না: এমপি রবিউল বাশার, কালিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৪০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা, উন্নয়ন সমন্বয় ও এনজিও বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মিলন সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি ঘটে—এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দল-মতকে প্রাধান্য না দিয়ে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারি বরাদ্দের কাজ যথাযথভাবে করতে হবে। এখানে কোনো ধরনের অন্যায় ও দুর্নীতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুবসমাজকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। এছাড়া বক্তব্য দেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখেরুজ্জামান পল্টু, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ এবং কালিগঞ্জ বিজিবি খানজিয়া ক্যাম্পের সুবেদার সাদেক।
সভায় কালিগঞ্জে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া পৃথক তিনটি হত্যাকাণ্ড, মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, সীমান্ত এলাকায় মাদক পাচারের কারণে যুবসমাজের বিপথগামিতা, বিভিন্ন মোড়ে কেরাম বোর্ড খেলা বন্ধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। মদ, জুয়া, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্য, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















