কুলাউড়ায় তেলের দোকানে মোবাইল কোর্ট: মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড
- Update Time : ১১:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি: রাশেদ আহমদ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে বেশি দামে খোলা তেল বিক্রি ও দোকানে মূল্য তালিকা না রাখার অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাজারের ‘সৌদিয়া মোটরস’ নামের খোলা তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
প্রশাসন সূত্রে জানা যায়, বেশি দামে খোলা তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালে উপস্থিত কোনো ক্রেতা বেশি দামে তেল বিক্রির বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মূল্য তালিকা টাঙিয়ে না রাখার বিষয়টি প্রমাণিত হয়।
মূল্য তালিকা না রাখার অপরাধে দোকানদার তারেক মিয়াকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৮ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস উপস্থিত ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং বাজারের সব দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।




















