গ্যাস সংকটে কুলাউড়ায় ঘণ্টার পর ঘণ্টা সিএনজির দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকেরা
- Update Time : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ২১ Time View

রাশেদ আহমদ, কুলাউড়া:
গ্যাস সংকটের তীব্র প্রভাবে কুলাউড়ার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় ও যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোর থেকেই ঘণ্টার পর ঘণ্টা পাম্পের সামনে অটোরিকশা ও অন্যান্য যানবাহন নিয়ে অপেক্ষা করছেন চালকেরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও চাহিদামতো গ্যাস না পাওয়ায় চালকদের দৈনন্দিন কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়েছে তাঁদের দৈনিক উপার্জন।
সরেজমিনে দেখা যায়, কুলাউড়ার মূল সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শত শত সিএনজিচালিত অটোরিকশা। দীর্ঘ পথজুড়ে থাকা এই সারিতে থাকা চালকদের অনেকেই গাড়ির ভেতরে বসে কিংবা পাম্পের আশেপাশে অলস সময় পার করছেন। পাম্প প্রাঙ্গণ ও সংলগ্ন সড়ক যেন অটোরিকশার স্থায়ী স্ট্যান্ডে পরিণত হয়েছে।
ভুক্তভোগী এক সিএনজি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালে গাড়ি নিয়ে বের হয়ে যদি ৪-৫ ঘণ্টা গ্যাসের জন্যই লাইনে বসে থাকতে হয়, তবে যাত্রী বহন করার মতো সময় আর থাকে না। কিন্তু দিনশেষে জমা, কিস্তি এবং পরিবারের বাজার খরচ তো বন্ধ থাকে না। প্রতিদিন এভাবে সময় ও আয় নষ্ট হলে সংসার চালানোই অসম্ভব হয়ে পড়বে।”
কেবল কুলাউড়াই নয়, সমগ্র মৌলভীবাজার জেলা জুড়েই এ সংকট ঘনীভূত হচ্ছে। সম্প্রতি জেলার তিনটি প্রধান সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় সচল পাম্পগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। চালকদের চার থেকে সাত ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নিতে হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলেও গ্যাসের প্রেসার কম থাকায় ভোগান্তির একই চিত্র দেখা যাচ্ছে।
এ সংকট দীর্ঘায়িত হলে কুলাউড়াসহ আশেপাশের এলাকার গণপরিবহন ব্যবস্থায় স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করে চালকদের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় পরিবহন চালক ও মালিকেরা।



















