ডিসেম্বরে চালু হচ্ছে সলুয়ার রিসাইক্লিং প্লান্ট, খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় খুলবে তুন দ্বার: কেসিসি প্রশাসক
- Update Time : ১০:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

ডুমুরিয়া উপজেলার সলুয়ায় স্থাপিত বর্জ্য রিসাইক্লিং প্লান্ট আগামী ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। একই সাথে বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গায় আরও একটি বর্জ্য রিসাইক্লিং প্লান্ট চালুর অপেক্ষায় রয়েছে এবং রাজবাঁধ ট্রেন্সিং গ্রাউন্ডে মেডিকেল বর্জ্য শোধনাগার প্লান্টও শীঘ্রই চালুর প্রক্রিয়া চলছে। এই তিনটি রিসাইক্লিং প্লান্ট চালু হলে খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন ও যুগান্তকারী দ্বার উন্মোচিত হবে।
বৃহস্পতিবার সকালে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত ‘হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক এসব কথা বলেন। পরিবেশসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর-খুলনার সহযোগিতায় গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, “বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত বিশ্ব অনেক উচ্চতায় অবস্থান করছে। আমরা হয়তো ততটা না পারলেও তাদের কাছাকাছি যেতে চাই। কিন্তু সবার পারস্পরিক সহযোগিতা না থাকলে এই লক্ষ্য বাস্তবায়নে সফল হওয়া যাবে না।” একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর শহর বিনির্মাণে তিনি নগরীর সব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ সাধারণ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একই সাথে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে গতানুগতিক পুরাতন পদ্ধতি পরিহার করে আধুনিক ব্যবস্থাপনায় প্রবেশ করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর-খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, সহকারী পরিচালক ডা. মোস্তফা আল মামুন, খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান এবং হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ সাজ্জাদুল হাসনাত খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান।
কর্মশালায় হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল ও আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সংক্রামক ও সাধারণ বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, নিরাপদ সংগ্রহ, সংরক্ষণ এবং অপসারণের গুরুত্ব তুলে ধরেন। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এতে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।



















