নিউ ইয়র্ক পুলিশের মর্যাদাপূর্ণ পদে মেহেরপুরের শিউলী খাতুন: অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত
- Update Time : ০৯:২৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ Time View

নিজস্ব প্রতিবেদক:
দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম আর অটল মানসিকতা থাকলে যে কোনো প্রতিকূলতাই বাধা হতে পারে না—তা আবারও প্রমাণ করলেন মেহেরপুরের সন্তান মোছা. শিউলী খাতুন। বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা ‘নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট’ (NYPD)-এর কঠিন পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি।
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এই কৃতী সন্তান NYPD-এর ‘ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট—লেভেল টু’ পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। বিশ্বের অন্যতম ব্যস্ত মহানগরী নিউ ইয়র্কের ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ রক্ষায় এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল একটি সিভিলিয়ান সার্ভিস পদ হিসেবে বিবেচিত।
তাঁর এই অভাবনীয় অর্জনে পরিবারসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। বিদেশের মাটিতে এমন সাফল্যের মুহূর্তে শিউলী খাতুন গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন তাঁর পরিবারের সার্বক্ষণিক সমর্থন ও অবদানের কথা। প্রতিকূল সময়ে পরিবারই তাঁকে সাহস, প্রেরণা ও মানসিক শক্তি জুগিয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, শিউলী খাতুনের বড় ছেলেও বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। পরবাসে ছেলের সান্নিধ্য এবং নিজের এই অনন্য পেশাগত অর্জন তাঁর আনন্দের মাত্রাকে দ্বিগুণ করে দিয়েছে। তাঁর এই সাফল্য প্রবাসী বাংলাদেশি ও মেহেরপুরবাসীর জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।



















