পঞ্চগড়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি: ৭ ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল বিজিবি
- Update Time : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৩৭ Time View

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে ৭ জন নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তের বিওপির অধীনস্থ আন্তর্জাতিক সীমানা নম্বর ৮২৭-এর কাছাকাছি এলাকা দিয়ে ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফের টহল দল। বিষয়টি বিজিবি সদস্যদের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে সীমান্ত রেখায় টহল জোরদার করেন এবং বিএসএফকে অনুপ্রবেশে সরাসরি বাধা দেন।
বিজিবির টহল দলের কড়া নজরদারি এবং সীমান্ত রেখায় অনড় অবস্থানের কারণে বিএসএফ বিজিবির বাধা অতিক্রম করতে পারেনি। এ সময় বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ওই ৭ জনকে নিয়ে ভারতের নিজ ভূখণ্ডে ফিরে যান।
এ বিষয়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্তে বিশৃঙ্খলা রোধে বিজিবি জওয়ানরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবির এমন তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপে স্থানীয় সীমান্তবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্তে স্বস্তি বিরাজ করছে।




















