মাওনা চৌরাস্তায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান: সড়কে ফেলা ময়লা নিজ হাতে পরিষ্কার করলেন ব্যবসায়ীরা
- Update Time : ০৬:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
নির্ধারিত ডাস্টবিন ব্যবহার না করে মহাসড়ক ও ফুটপাতে ময়লা-আবর্জনা ফেলার দায়ে দোকানদারদের দিয়েই তা পরিষ্কার করালেন শ্রীপুর পৌরসভার প্রশাসক। মাওনা চৌরাস্তা এলাকায় পরিচালিত এই ব্যতিক্রমী সচেতনতামূলক অভিযান সাধারণ পথচারী ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও ফল বিক্রেতারা পৌরসভার নির্ধারিত ডাস্টবিনে ময়লা না ফেলে সরাসরি প্রধান সড়ক ও ফুটপাতে আবর্জনা ফেলে রাখছিলেন। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল, অন্যদিকে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
বিষয়টি নজরে আসার পর পৌর প্রশাসক আকস্মিক পরিদর্শনে যান। এ সময় যারা ফুটপাত ও সড়কে ময়লা ফেলে রেখেছিলেন, তাদের আর্থিক জরিমানা বা প্রশাসনিক শাস্তির পরিবর্তে নিজ হাতে সেই ময়লা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসকের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজেরাই ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে সড়ক থেকে ময়লা-আবর্জনা সরিয়ে ডাস্টবিনে ফেলেন।
অভিযান পরিচালনাকালে পৌর প্রশাসক জানান, শাস্তির চেয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে হলে সবার আগে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতে নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র ময়লা ফেললে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কেবল জরিমানা করে অভ্যাস বদলানো কঠিন; কিন্তু এভাবে নিজের ফেলা ময়লা নিজে পরিষ্কার করানোর মাধ্যমে কার্যকর শিক্ষা ও সচেতনতা তৈরি হবে।



















