যানজট ও দুর্ঘটনা নিরসনে চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন
- প্রকাশের সময় : ০৭:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 25

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় দীর্ঘদিনের যানজট, জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। এ সময় ব্যানার নিয়ে তাঁরা ফ্লাইওভারের দাবিতে নানা স্লোগান দেন।
মানববন্ধনের আহ্বায়ক ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল বলেন, “দীর্ঘদিন ধরে চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ফ্লাইওভার নির্মাণ করা অত্যন্ত জরুরি।”
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, “চান্দাইকোনায় একটি বৃহৎ গরুর হাট থাকায় এখানে প্রতিনিয়ত চরম যানবাহনের চাপ থাকে। সড়কে তীব্র যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি নিত্যদিনের। সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণের বিকল্প নেই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
বক্তারা উল্লেখ করেন, চান্দাইকোনা পাবনা বাজার এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপ ও পারাপারের ঝুঁকির কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রোগী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ফ্লাইওভার নির্মাণ করা হলে একদিকে যানজট ও দুর্ঘটনা কমবে, অন্যদিকে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।
মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী। তিনি বলেন, “আমি আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
মানববন্ধন থেকে দ্রুত সময়োপযোগী সমীক্ষা পরিচালনা, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং ফ্লাইওভার নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে চান্দাইকোনার দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান সম্ভব হবে।


























