রাজধানীতে থেমে থেমে বাসে অগ্নিসংযোগ: বাড্ডা, মিরপুর ও কেরানীগঞ্জে পুড়ল ৪ বাস
- Update Time : ০৯:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে মধ্য বাড্ডা, মিরপুর ও কেরানীগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোট চারটি বাস ভস্মীভূত হয়। হঠাৎ এমন ধারাবাহিক নাশকতায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘আলিফ এন্টারপ্রাইজ’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।
এদিকে একই রাতে মিরপুরের পৃথক স্থানে দুটি এবং কেরানীগঞ্জে আরও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।




















