রায়পুরে বেহাল সড়ক: খানাখন্দে ভরা পথে চরম দুর্ভোগে এলাকাবাসী
- Update Time : ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে ইট ও মাটি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে পুরো রাস্তা।
সড়কটির এমন দশায় অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি। বর্ষা মৌসুমে এ ভোগান্তি রূপ নেয় স্থায়ী দুর্ভোগে।
রাস্তার দুই পাশে পর্যাপ্ত ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা বৃষ্টির পানিতে রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
এলাকাবাসীর দাবি, জনগণের চলাচলের পথ সুগম করতে সড়কটি অবিলম্বে টেকসইভাবে পাকাকরণ এবং পানি নিষ্কাশনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।






















