লামায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক
- Update Time : ১২:১৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৪ Time View

বান্দরবানের লামা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে লামা থানা পুলিশ।
রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লামা মাছ বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম গোলাম কিবরিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকান তল্লাশি করে ৬ পিস ইয়াবা, প্রায় ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহভাজন ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মো. জহিরুল ইসলাম (৩৮) এবং তার সহযোগী ইকবাল হোসেন ইমন (২২)-কে আটক করা হয়।
অভিযানের সময় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
পুলিশের দাবি, আটক জহিরুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে এবং তিনি বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন।
এ ঘটনায় প্রযোজ্য আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









