ঝিকরগাছায় অপ্রাপ্তবয়স্ক কলেজছাত্রীর কথিত বিয়ের চেষ্টা পণ্ড, উদ্ধার করে পুলিশ হেফাজতে
- Update Time : ১২:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

যশোরের ঝিকরগাছায় এক অপ্রাপ্তবয়স্ক কলেজছাত্রীর অনৈতিক ও কথিত বিয়ের চেষ্টা পণ্ড করে দিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোড়সংলগ্ন কালভার্টের ওপর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটির শিকার সুদর্শনা ঐশ্বরিয়া বসু (ছদ্মনাম/নাম পরিবর্তিত) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ক্ষরণখালী গ্রামের তপন ও অর্পনা বসু দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
ঘটনার পটভূমি ও রহস্যজনক বিয়ে:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে অমতে বিয়ে করাকে কেন্দ্র করে অভিমান করে বাড়ি ছাড়েন ঐশ্বরিয়া। পরে তিনি ট্রেনযোগে ঝিকরগাছা রেল স্টেশনে এসে পৌঁছান। সেখানে মোবারকপুর রেললাইন পাড়ার এক অজ্ঞাতনামা নারী তাকে নিজের বাড়িতে নিয়ে তিন দিন আশ্রয় দেন। অভিযোগ উঠেছে, ওই আশ্রয়নদাত্রী নারী ও একটি চক্রের সাজশে কালভার্টের ওপর তড়িঘড়ি করে এক মুসলিম পাত্রের সঙ্গে তার বিয়ের আয়োজন চলছিল।
জনতার প্রতিরোধ ও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ:
রাস্তার পাশে একজন কাজীর মাধ্যমে খোলা জায়গায় বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। বিয়ের আয়োজন সন্দেহজনক মনে হলে ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিষয়টি অবিলম্বে উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে জানান। একই সঙ্গে সাধারণ জনগণ ঘটনা চ্যালেঞ্জ করলে পরিস্থিতি বেগতিক দেখে কথিত বর ও কাজী কৌশলে সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় চা-দোকানি শিমুল ওই কিশোরীকে নিরাপদ আশ্রয়ে রাখেন।
সংবাদ পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ এবং ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এসআই হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
প্রশাসনের বক্তব্য:
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, উদ্ধারকৃত কিশোরীটির পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আশ্রয়নদাত্রী নারীসহ এই কথিত বিয়ের নাটকের সঙ্গে জড়িত অভিযুক্তদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপ্রাপ্তবয়স্ক ছাত্রীর এই রহস্যজনক বিয়ের চেষ্টা ভেস্তে যাওয়ার ঘটনায় সমগ্র এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















