দাবি না মানলে আন্দোলন এক দফায় রূপ নেবে: হাটিকুমরুলে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
- Update Time : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দাবি মানা না হলে বর্তমান আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সাথে বেইমানি ও প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে তারা ধোঁকাবাজি করছে এবং জুলাইয়ের চেতনা পদদলিত করে একচেটিয়া দলীয়করণ ও ফ্যাসিবাদের পথে হাঁটছে।” সারাদেশে দখলদারি, চাঁদাবাজি ও লুটপাট চলছে দাবি করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ব্যর্থতার সমালোচনা করেন এবং অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন:
এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম
সহকারী সেক্রেটারি জেনারেল ও হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সচিব সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন না করে গ্যাস, বিদ্যুৎ ও সারের তীব্র সংকট তৈরি করেছে। শান্তিপূর্ণ লংমার্চে কোনো ধরনের বাধা এলে জনগণ রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেবে।”
এর আগে সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চের বহরটি বিভিন্ন স্থানে পথসভা শেষে দুপুর ২টায় হাটিকুমরুলে পৌঁছায়। সকাল সাড়ে আটটা থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। তীব্র তাপদাহ উপেক্ষা করে দুপুর ১২টার মধ্যেই হাটিকুমরুল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দুপুর ২টা ১০ মিনিটে বক্তব্য শেষ করে নেতৃবৃন্দ রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।




















