দিনাজপুরে কাভার্ড ভ্যানে ডাকাতি: ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- Update Time : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৭ Time View

দিনাজপুরের নবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ একাধিক যানবাহনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত দুটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ২:১৫ থেকে ২:৪০ মিনিটের মধ্যে নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের জামালপুর মৌজায় (নবাবগঞ্জ-ভাদুরিয়াগামী পাকা সড়ক) এ ডাকাতির ঘটনা ঘটে। ১২ থেকে ১৩ জনের একটি সশস্র ডাকাত দল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানসহ ৩-৪টি যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তারা আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে চম্পট দেয়।
উক্ত ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানচালক মো. আরাফাত প্রামাণিক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি তদন্তে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর, পিপিএমের নেতৃত্বে বিশেষ ছায়াতদন্ত শুরু হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা:
১. মো. শাকিল সরকার (২৬) — সাদুল্লাপুর, গাইবান্ধা
২. মো. রুহুল আমিন (৩৫) — সাদুল্লাপুর, গাইবান্ধা
৩. মো. রাশেদ মিয়া (৩০) — পীরগঞ্জ, রংপুর
৪. মো. রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫) — পীরগঞ্জ, রংপুর
৫. মো. সাজু মিয়া (৫৩) — পীরগঞ্জ, রংপুর
৬. মো. আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান (৪২) — পীরগঞ্জ, রংপুর
৭. মো. মিরাজ মিয়া (২৬) — পীরগঞ্জ, রংপুর
৮. মো. শাহিন মিয়া (৩০) — গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সাজু মিয়া, মো. আরিফুল ইসলাম এবং মো. মিরাজ মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
লুণ্ঠিত মালামাল উদ্ধার:
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী গত ১৯ অক্টোবর সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
ল্যাপটপ: ২টি এইচপি (HP) ব্র্যান্ডের ল্যাপটপ।
মোবাইল ফোন: ইনফিনিক্স, অপো, ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের ৫টি স্মার্টফোন এবং ১টি ম্যাক্সটেল বাটন ফোন।
অন্যান্য সরঞ্জাম: গাছ কাটার কাজে ব্যবহৃত ১টি করাত ও ১টি কাস্তে।
ডিবি সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করা ও বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।



















