মির্জাপুরে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ সেবকের কারাদণ্ড
- Update Time : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ২৪ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ রিপন মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাতে মির্জাপুর উপজেলার মহেড়া আগছাওয়ালী এলাকায় রিপন মিয়ার বসতঘরে প্রথম অভিযানটি চালানো হয়। এ সময় ঘরের কাঠের ড্রেসিং টেবিলের আয়নার পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, একই রাতে মহেড়া পিটিসির পাশে আনন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক সেবনের সময় জাবেদ, ফরিদ ও জহুরুল নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে পৃথক এই অভিযান দুটি পরিচালিত হয়।




















