লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- Update Time : ১১:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়ও শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দেশব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে মিল রেখে সরকারী নির্দেশনা অনুযায়ী লৌহজং উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার সকল সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ যুক্ত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার সকল ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলার সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।




















