এমপি শওকতুল ইসলাম শকুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক: আর্থিক লেনদেনে সতর্কতার আহ্বান
- Update Time : ১১:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর ব্যবহৃত অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সাইবার অপরাধীদের কবলে পড়েছে। অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর বর্তমানে তা অপরাধীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এমপি মহোদয়ের পক্ষ থেকে যেকোনো ধরনের ডিজিটাল যোগাযোগ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
ঘটনাটি জানার পরপরই বিষয়টি সমাধানে আইনি ও প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও আর্থিক প্রতারণা এড়াতে জনসাধারণের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে:
আর্থিক লেনদেন বন্ধ: উক্ত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো ধরনের সাহায্য, ধার বা জরুরি ভিত্তিতে টাকা চাওয়া হলে কোনো অবস্থাতেই সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য শেয়ার না করা: নম্বরটি থেকে কোনো ধরনের গোপনীয়, ব্যক্তিগত বা স্পর্শকাতর তথ্য চাওয়া হলে তা প্রদান করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
সরাসরি যাচাই: ওই নম্বর থেকে কোনো বার্তা বা অনুরোধ পেলে অন্য কোনো নির্ভরযোগ্য মাধ্যমে সরাসরি কথা বলে সত্যতা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
সাইবার ঝুঁকি এড়াতে এবং সামাজিক সচেতনতা বাড়াতে বার্তাটি জনস্বার্থে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



















