টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে সারবোঝাই নৌকা জব্দ
- Update Time : ০৬:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৩৫ Time View

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে অভিযান চালিয়ে ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত নৌযান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নৌকাটিতে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ওবিএম পোস্টের কাছাকাছি নাফ নদীতে অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সাবরাং বিওপিতে স্থাপিত রাডারে রাতে নাফ নদীতে একটি সন্দেহজনক নৌযানের অবস্থান ও গতিবিধি শনাক্ত হয়। বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত একটি টহল দল ঘটনাস্থলে যায়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌযানটি রেখে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৫৩ বস্তা সার পাওয়া যায়। নৌযানটির কোনো মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি রাডারসহ প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। নাফ নদীতে সন্দেহজনক নৌযানের গতিবিধির ওপরও বিশেষভাবে নজর রাখা হচ্ছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার এবং মাদকসহ চোরাচালানি সামগ্রী প্রবেশ ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়েন্দা নজরদারি, প্রযুক্তির ব্যবহার ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা সার ও নৌযানের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হচ্ছে।























