তাড়াশে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ফেসবুক আইডি ক্লোন করে অপপ্রচার, থানায় জিডি
- Update Time : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৩০ Time View

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের ব্যক্তিগত ফেসবুক আইডি ক্লোন করে ছবি চুরি ও ভুয়া অ্যাকাউন্ট খুলে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিজের সামাজিক মর্যাদা রক্ষা ও আইনি সুরক্ষার জন্য রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম (৪২)। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভূঁইয়েট গ্রামের বাসিন্দা।
থানায় লিখিত জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে “Khan Alim Principal” নামে একটি ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে অজ্ঞাতনামা এক কুচক্রী মহল তার ব্যবহারিক আইডি থেকে ছবি ও তথ্য সংগ্রহ করে “Khan Alim” নামে একটি ফেক আইডি খোলে। পরবর্তীতে ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে মানহানিকর ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা সহ তার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাতে থাকে চক্রটি।
বিষয়টি নজরে এলে এলাকাবাসী ও সচেতন মহলে চরম অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী আব্দুল আলীম ২২ আগস্ট ২০২৬ তারিখে রায়গঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নম্বর: ১১৬৮, ট্র্যাকিং নম্বর: 303CNR)।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ডিউটি অফিসার হৃদয় বাবু জিডি নথিভুক্তকরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, উক্ত সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
দ্রুত তদন্ত সম্পন্ন করে সাইবার অপরাধে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী অধ্যক্ষ ও স্থানীয় সচেতন মহল।



















