দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
- Update Time : ০৬:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১১ Time View

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলা মদ তৈরির বড়ি ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগস্ট রসুলপুর ও আমড়া বিওপির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার ৬৪০ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।
পরবর্তীতে গত ২২ আগস্ট খানপুর ও বড়গ্রাম সীমান্ত এলাকায় অপর এক অভিযানে ৪ হাজার ৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫১ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে দায়িত্বরত সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কড়া নজরদারি বজায় রাখার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।



















