মীরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪৮ কেজি ইলিশ জব্দ, জরিমানা ও এতিমখানায় বিতরণ
- Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৬৩ Time View

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালবেলা উপজেলার ব্যস্ততম মিঠাছড়া বাজারে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের।
অভিযানকালে বাজার থেকে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে আনা ৪৮.০৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়। একই সাথে ইলিশ বিক্রির অপরাধে হাতেনাতে দুই মাছ বিক্রেতাকে মোট ১,৫০০ টাকা আর্থিক জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছসমূহ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার-এর সরাসরি উপস্থিতিতে জব্দকৃত মাছ ৪টি স্থানীয় এতিমখানা এবং উপস্থিত ৬ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও প্রজনন মৌসুমে মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এই কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।




















