শ্রমিক নেতাকে পুলিশের লাঞ্ছনার প্রতিবাদ: পার্বতীপুর ও বাঘাবাড়ী ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ, উত্তরাঞ্চলের ৮ জেলায় সংকট
- Update Time : ০২:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

দিনাজপুর প্রতিনিধি:
রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমানকে পুলিশ সদস্য কর্তৃক লাঞ্ছিত ও অপমানের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন সাময়িকভাবে বন্ধ রেখেছেন শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের এক সদস্যকে আটক করে পুলিশ। এ বিষয়ে কারণ জানতে শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান সেখানে গেলে পার্বতীপুর মডেল থানার এক কনস্টেবল তার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং থানার সামনে তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমান করেন।
এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিচারের দাবিতে তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। প্রতিবাদস্বরূপ রাতেই পার্বতীপুর ও বাঘাবাড়ী রেলহেড ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।
তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ থাকায় দিনাজপুর, রংপুরসহ পুরো বিভাগের আটটি জেলায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে উত্তরাঞ্চলে পরিবহন ও দৈনন্দিন জনজীবনে সংকট আরও তীব্র রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



















