সিরাজগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা: ৩ নম্বর চায়না বাঁধে পুলিশের অভিযান, আটক শিক্ষার্থীদের সতর্ক ও ৫টি বাইক জব্দ
- Update Time : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৪২ Time View

শিক্ষার্থীদের স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডাবাজি বন্ধ এবং যমুনা নদীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে আকস্মিক অভিযান চালিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
গতকাল সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ৩ নম্বর চায়না বাঁধ (যমুনার পাড়) এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা সদর পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এবং তার সঙ্গে থাকা পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে ক্লাস ফাঁকি দিয়ে বাঁধ এলাকায় ঘুরতে আসা বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের পড়াশোনায় মনোযোগী হতে এবং অহেতুক আড্ডা থেকে বিরত থাকতে বিশেষ সচেতনতামূলক বার্তা দিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ।
এ ছাড়া হেলমেট না থাকা এবং যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযান শেষে পুলিশ প্রশাসন থেকে মূল সচেতনতামূলক বার্তা দেওয়া হয়—”স্কুল-কলেজ ফাঁকি নয়, পড়াশোনাই ভবিষ্যৎ!”
পুলিশ সুপার জানান, তরুণ সমাজকে বিভ্রান্তি ও ঝুঁকি থেকে রক্ষা করতে এবং শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে যমুনা বাঁধসহ অন্যান্য বিনোদন কেন্দ্রে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




















