সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ নির্বাচিত সলঙ্গার প্রধান শিক্ষক জহুরুল ইসলাম
- Update Time : ০৯:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ Time View

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে সুনাম ও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও ফলাফলের মানোন্নয়নে বিদ্যালয়টির ধারাবাহিক অর্জন ইতোমধ্যে এলাকাবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশংসনীয় অগ্রযাত্রার অন্যতম কারিগর বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আ.ফ.ম. জহুরুল ইসলাম তারেক।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের দায়িত্বশীলতা, নিষ্ঠা, নিরলস পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সিরাজগঞ্জ জেলার ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই ঐতিহাসিক অর্জন শুধু ব্যক্তিগত সম্মানই নয়; বরং সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পুরো সলঙ্গাবাসীর জন্য এক অনন্য আনন্দ ও গর্বের মুহূর্ত।
প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আ.ফ.ম. জহুরুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা, পাঠদানের মানোন্নয়ন এবং মানসম্মত ফলাফল নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়গঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে।
নিজের অর্জন প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের ভূমিকার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, প্রধান শিক্ষকের নেতৃত্বের পাশাপাশি সহকারী শিক্ষকবৃন্দের আন্তরিকতা, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের ভালোবাসাই বিদ্যালয়টির অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে। এই সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় ও নতুন অর্জনের লক্ষ্য নিয়ে।
শিক্ষাবিদদের মতে, একজন শিক্ষক যখন নিজের কাজকে কেবল পেশা হিসেবে না দেখে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার মহান ব্রত হিসেবে গ্রহণ করেন, তখন তাঁর কর্মের আলো শ্রেণিকক্ষ পেরিয়ে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। আ.ফ.ম. জহুরুল ইসলামের ‘গুণী শিক্ষক’ খেতাব অর্জন তাঁর সেই নিষ্ঠা ও কর্মময় পথচলারই এক উজ্জ্বল স্বীকৃতি।
এদিকে সিরাজগঞ্জ জেলার গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় ‘প্রিয় সলঙ্গার গল্প’ ফেসবুক গ্রুপের উপদেষ্টা, এডমিন ও মডারেটর প্যানেলের পক্ষ থেকে আ.ফ.ম. জহুরুল ইসলাম স্যারকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। আগামী দিনেও তাঁর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার সুবাতাস ছড়িয়ে উত্তরোত্তর সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে—এমনটাই প্রত্যাশা সলঙ্গাবাসীর।



















