সোনাখাড়ায় মসজিদ কমিটির বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ থানায় অভিযোগ।
- Update Time : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের জয়সাগর উত্তরপাড়া এলাকায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
গত (১৯) সেপ্টেম্বর জয়সাগর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের কমিটি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে রাত আনুমানিক ৭টার দিকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতান্ড একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগকারী পক্ষের দাবি, বৈঠক চলাকালে মসজিদ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী সবুজের ওপর হামলা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় এবং কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আহসানুজ্জামান বলেন দুই পক্ষই অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মসজিদ কমিটি নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত সমাধান করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



















