আমতলী ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থীর কান্ড জমি দখল করতে গিয়ে সরকারী জমির শতাধিক ফলদ গাছ কেটে সাবার।
- প্রকাশের সময় : ১১:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 30

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃবরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মনোনীত মেয়র প্রার্থী মোঃ কামরুজ্জামান পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপনকৃত শতাধিক ফলদ গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গাছ রোপনকারী মোঃ আব্দুর রশিদ খাঁন তার বিরুদ্ধে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা ঘটেছে সোমবার সকালে আমতলী পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায়।
জানাগেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরাতন লঞ্চঘাট এলাকার ২ শতাংশ জমি মোঃ আব্দুর রশিদ খাঁন ভোগদখল করে আসছে। গত ২৬ বছর আগে ওই জমিতে তিনি আম, জাম ও কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপন করেছেন। ওই গাছ বড় হয়েছে।
সোমবার সকালে ওই গাছ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মোঃ কামরুজ্জামান ও তার লোকজন কেটে ফেলেছেন। অভিযোগ রয়েছে, জমি দখল করতে মোঃ কামরুজ্জামান ওই গাছ কেটে ফেলেছেন। ওইদিন বিকেলে গাছ রোপনকারী মোঃ আব্দুর রশিদ খাঁন আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গাছ রোপনকারী মোঃ আব্দুর রশিদ খান বলেন, ২০০০ সালে পানি উন্নয়ন বোর্ডের আমার দখলীয় ২ শতাংশ জমিতে আম, জাম ও কাঠালসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছ রোপন করেছি। ওই জমি জোরপুর্বক দখল করতে ইসলামী আন্দোলন নেতা মাওলানা মোঃ কামরুজ্জামান জমির সমুদয় গাছ কেটে ফেলেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছি। তিনি আরো বলেন,দলের প্রভাবখাটিয়ে জমি দখল করতে এ গাছ কেটেছেন। তদন্তকরে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি ও দলীয় মনোনীত মেয়র প্রার্থী মোঃ কামরুজ্জামান বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

























