অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে হাসপাতালে দেখতে গেলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুনামগঞ্জের সংসদ সদস্যরা
- Update Time : ০৬:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) স্থাপনের পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে যান। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
হাসপাতালে অবস্থানকালে নেতৃবৃন্দ চিকিৎসাধীন মিজানুর রহমান চৌধুরীর সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসায় নিয়োজিত কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। চিকিৎসকরা জানান, রিং স্থাপনের পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
এ সময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে তাঁর সুচিকিৎসার বিষয়ে বিস্তারিত পরামর্শ করেন এবং মিজানুর রহমান চৌধুরীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। একই সাথে পরিবারের পক্ষ থেকে তাঁর আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।




















